প্রতিপক্ষ রেসিংয়ের মাঠ থেকে ২-০ ব্যবধানে টানা ১১ ম্যাচ জিতে বার্সা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। কোপা দেল রের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা গতবারের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেয়েছিল। এবার লস ব্লাঙ্কোসরা অঘটন ঘটিয়ে দ্বিতীয় স্তরের দলের কাছে হেরে বিদায় নিয়েছে। তবে নিজেদের কাজটা ঠিকঠাক করে চলেছে কাতালানরা। রিয়াল মাদ্রিদকে হারিয়ে কদিন আগে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। সেই রেশ ধরে রেখে এবার কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গেছে বার্সা। যদিও প্রথমার্ধে বিবর্ণ ছিল হ্যান্সি ফ্লিকের দল।কিছুটা গা নাড়া দিয়ে দ্বিতীয়ার্ধে ফেরান তোরেস ও লামিনে ইয়ামালের গোলে রেসিং সান্তান্দেরকে ২-০ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।ম্যাচে পাওয়া এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতল হ্যান্সি ফ্লিকের দল। পূর্বেও চারবার টানা ১১ ম্যাচ জয়ের কীর্তি গড়েছিল বার্সা- ২০১৪-১৫ মৌসুমে লুইস এনরিকের অধীনে ২০০৮-০৯ মৌসুমে পেপ গার্দিওলার সময়ে ১৯৫৫-৫৬ মৌসুমে ফ্রানৎস প্লাটকোর কোচিংয়ে এবং ১৯২৫ থেকে ১৯২৭ সালের মধ্যে রালফ কিরবি, রিচার্ড ডম্বি ও রোমা ফর্নসের তত্ত্বাবধানে এই রেকর্ড গড়ে তারা।